Dhaka, Thursday | 26 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 26 November 2026 | English
শিরোনাম:

পদ্মার ভাঙনে বিলীন ২ হাজার বিঘা জমি, ধ্বংসের মুখে কৃষি ও প্রাণিসম্পদের সম্ভাবনা

নদীগর্ভে বসতভিটা, ফসলি জমি ও গবাদিপশুর চারণভূমি; আতঙ্কে প্রায় ১ হাজার পরিবার, অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:০৮ এএম  (ভিজিটর : ১৮)

পদ্মার অব্যাহত ভাঙনে পাবনা সদর উপজেলার বিস্তীর্ণ কৃষিপ্রধান জনপদ ক্রমেই মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। নদীর করাল গ্রাসে বিলীন হচ্ছে ফসলি জমি, ফলদ বাগান, গবাদিপশুর চারণভূমি ও বসতভিটা। যে চরাঞ্চল একসময় কৃষি উৎপাদন, পশুপালন ও গ্রামীণ অর্থনীতির অন্যতম ভরসা ছিল, সেখানে এখন বইছে পদ্মার স্রোত। স্থানীয়দের হিসাবে, ভাঁড়ারা ইউনিয়নের জোতকাকুরিয়া, খাসচর বলরামপুর ও বাদুরডেঙ্গিসহ দোগাছি ও চরতারাপুর ইউনিয়নের কয়েক কিলোমিটার এলাকায় প্রায় ২ হাজার বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। কোনো কোনো পরিবার হারিয়েছে ১০ থেকে ৪০ বিঘা পর্যন্ত জমি। চলতি বছরেই অন্তত পাঁচটি পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছেন নদীতীরবর্তী প্রায় এক হাজার পরিবার।

শুধু জমি হারানো নয়, পদ্মার ভাঙনে ধ্বংস হচ্ছে একটি সমৃদ্ধ কৃষি ও প্রাণিসম্পদনির্ভর অর্থনৈতিক জনপদ। এসব এলাকায় উৎপাদিত মরিচ, পেঁয়াজ, লাউসহ বিভিন্ন মৌসুমি সবজি স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি বৃহত্তর পাবনার কৃষি অর্থনীতিতে ভূমিকা রাখে। বিস্তীর্ণ ফসলের মাঠ, ঘাসে ঢাকা চর ও পতিত জমি ছিল গবাদিপশুর প্রাকৃতিক চারণভূমি। এসব এলাকায় গরু-ছাগল পালন, দুধ উৎপাদন এবং পশুখাদ্যের জোগানকে কেন্দ্র করে বহু পরিবারের জীবিকা গড়ে উঠেছিল। কৃষিজমির পাশাপাশি চারণভূমি হারিয়ে পশুপালনেও তৈরি হচ্ছে সংকট। ফলে এ ভাঙনের প্রভাব শুধু নদীতীরের কয়েকটি গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, আঘাত হানছে কৃষি উৎপাদন, প্রাণিসম্পদ, গ্রামীণ কর্মসংস্থান ও স্থানীয় বাজারব্যবস্থায়।

বুধবার (২৫ নভেম্বর) ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পাবনা সদর উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ভাঙনকবলিত মানুষের সঙ্গে কথা বলে তাঁদের দুর্দশার কথা শোনেন। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং ভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা জানান, একসময় যে জমিতে মরিচ, পেঁয়াজ, লাউসহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে পরিবারের সারা বছরের খরচ চলত, সেসব জমির বড় অংশ এখন পদ্মার পানিতে। কোথাও ভেঙে পড়েছে কলাবাগান, কোথাও বিলীন হয়েছে বছরের পর বছর পরিচর্যায় গড়ে তোলা আমবাগান। অনেক পরিবারের কাছে এসব জমিই ছিল একমাত্র উপার্জনের অবলম্বন। জমির সঙ্গে হারিয়ে যাচ্ছে তাঁদের দীর্ঘদিনের পরিশ্রম, সঞ্চয় ও ভবিষ্যতের নিরাপত্তা।

ভাঙনের আতঙ্কে অনেকে আগেভাগেই ঘরবাড়ির মালামাল সরিয়ে নিচ্ছেন। গবাদিপশু নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন কেউ কেউ। স্থানীয়দের হিসাবে, বসতিপূর্ণ জনপদের প্রায় আড়াই কিলোমিটার এবং কৃষিজমির আরও আড়াই কিলোমিটার এলাকাজুড়ে ভাঙনের প্রভাব পড়েছে। সব মিলিয়ে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে নদীভাঙনের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে আরও বিস্তীর্ণ জনপদ ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

ভাঙনে ক্ষতিগ্রস্ত ভাঁড়ারা ইউনিয়নের জোতকাকুরিয়া গ্রামের হাসেন আলি মৃধা, তাঁর ছেলে মো. সেলিম মৃধা এবং একই পরিবারের মো. আমজাদ হোসেন মৃধা জেলা প্রশাসকের কাছে নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন। হাসেন আলি মৃধার পিতা ছিলেন মৃত আইজুদ্দিন মৃধা। পরিবারের একাধিক প্রজন্মের কৃষিজমি পদ্মার ভাঙনে বিলীন হয়েছে। তাঁদের মতো ওই গ্রামের অনেক কৃষক জমি হারিয়ে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। স্থানীয়দের ভাষ্য, কোনো কোনো পরিবারের ১০, ২০, ৩০ এমনকি ৪০ বিঘা পর্যন্ত জমি নদীগর্ভে চলে গেছে।

অন্যদিকে চরতারাপুর ইউনিয়নের আরিয়া গোহাইলবাড়ি গ্রামের মো. ইমান আলী মোল্লা ও মো. মান্নান মোল্লা তাঁদের পরিবারের ক্ষয়ক্ষতি ও দুর্ভোগের কথা তুলে ধরেন। তাঁদের পিতা মৃত ইব্রাহিম মোল্লা। তাঁদের পরিবারের কৃষিজমি ও জীবিকার ওপরও নদীভাঙনের ব্যাপক প্রভাব পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙন চললেও কার্যকর স্থায়ী প্রতিরোধব্যবস্থা না থাকায় প্রতিবছরই নতুন নতুন পরিবার জমি ও বসতভিটা হারাচ্ছে।

নদীভাঙনের ভয়াবহতার পেছনে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ তুলেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পদ্মার এপারে পাবনা সদর ও সুজানগর উপজেলা এবং ওপারে কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার সীমান্তবর্তী বিভিন্ন অংশে রাতের আঁধারে চায়নিজ ড্রেজার ও কাটার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বিশেষ করে নদীর তলদেশ থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ, তলদেশের গঠন ও পাড়ের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তাঁদের আশঙ্কা।

স্থানীয়দের দাবি, নদীর দুই পাড়ে বালু উত্তোলনের বিষয়টি সমন্বিতভাবে তদন্ত না করলে ভাঙনের প্রকৃত কারণ নিরূপণ এবং প্রতিরোধব্যবস্থা কার্যকর করা কঠিন হবে। তাঁদের প্রশ্ন, রাতের আঁধারে যদি নদীর বিভিন্ন অংশে ভারী যন্ত্র দিয়ে বালু উত্তোলন চলতে থাকে, তাহলে একদিকে নদীভাঙন প্রতিরোধে সরকারি অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে কি না।

পরিদর্শনকালে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্থানীয়দের অভিযোগ শোনেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নদীর দুই পাড়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ তদন্ত, দায়ীদের শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের মতে, শুধু ভাঙনকবলিত এলাকায় জিওব্যাগ ফেলা নয়, নদীর তলদেশে অবৈধ বালু উত্তোলন বন্ধ করাও জরুরি।

পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, পদ্মার এ অংশের ভাঙন অত্যন্ত ব্যাপক ও ভয়াবহ। ভাঙনের বিস্তৃতি, নদীর গতিপ্রকৃতি এবং ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ বিবেচনায় শুধু স্বল্প পরিসরে জিওব্যাগ ফেলে কিংবা সাধারণ বরাদ্দের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সমন্বিত কারিগরি জরিপ, নদীর গতিপ্রকৃতি ও ভাঙনের কারণ নিরূপণ এবং পরিকল্পিত বড় আকারের নদীতীর সংরক্ষণ ও প্রতিরোধমূলক প্রকল্প।

কর্মকর্তাদের মতে, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে পূর্ণাঙ্গ জরিপ ও কারিগরি মূল্যায়নের মাধ্যমে জাতীয় পর্যায়ে বড় বরাদ্দের উদ্যোগ নিতে হবে। ভাঙনের প্রকৃত বিস্তৃতি ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রয়োজনীয় অর্থায়ন ও সমন্বিত উদ্যোগ ছাড়া এ ভয়াবহ ভাঙন প্রতিরোধ করা কঠিন।

জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে সম্ভাব্য অনুদান ও বরাদ্দের আওতায় সহায়তা দিতে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তথ্য যাচাই করে সঠিক তালিকা প্রস্তুত ও জমা দিতে বলা হয়। পাশাপাশি কৃষিজমি হারানো কৃষকদের পাশে দাঁড়াতে কৃষি বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা, কৃষি পরামর্শ এবং পুনর্বাসনমূলক উদ্যোগ নেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকেও নিজ নিজ দায়িত্ব অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। কৃষি ও প্রাণিসম্পদনির্ভর পরিবারগুলোর ক্ষয়ক্ষতি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে সহায়তা কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ও পাবনা পৌরসভার প্রশাসক মো. খায়রুল ইসলাম, এনডিসি সুবীর নন্দী সরকার নয়ন, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাফিজ, পাবনা পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম এবং ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুলতান মাহমুদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে পদ্মার ভাঙনে আরও বিস্তীর্ণ কৃষিজমি, চারণভূমি, বসতভিটা ও জনপদ নদীগর্ভে বিলীন হবে। এতে শুধু জমির মালিকরাই ক্ষতিগ্রস্ত হবেন না, কাজ হারাবেন কৃষিশ্রমিক, পশুপালক ও কৃষিনির্ভর ক্ষুদ্র ব্যবসায়ীরাও। কমে যাবে স্থানীয় কৃষি উৎপাদন ও পশুখাদ্যের প্রাকৃতিক জোগান। নতুন করে ভূমিহীন ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়বে, যার প্রভাব পড়বে গ্রামীণ অর্থনীতি ও খাদ্য উৎপাদনব্যবস্থায়।

তাই ক্ষতিগ্রস্তদের জরুরি মানবিক সহায়তার পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীর দুই পাড়ে সমন্বিত নজরদারি, বিজ্ঞানসম্মত নদীশাসন এবং দীর্ঘমেয়াদি প্রতিরোধমূলক প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, পদ্মার এই ভাঙনকে বিচ্ছিন্ন কোনো স্থানীয় সমস্যা হিসেবে না দেখে কৃষি, প্রাণিসম্পদ, খাদ্যনিরাপত্তা ও জনবসতি রক্ষার জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝