চট্টগ্রামে বাংলাদেশ কোস্ট গার্ড ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে আয়োজিত ‘গার্ডিয়ান শার্ক-১’ শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগকালীন জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনায় দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অ্যাটাশে কার্যালয়ের উদ্যোগে বাংলাদেশ কোস্ট গার্ডের আয়োজনে গত ২ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামের কোস্ট গার্ড ঘাঁটিতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মানের এ প্রশিক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ডের ১৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত উপমিশনপ্রধান ত্রিশিতা মওলা। এ সময় বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা আরও জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত এ যৌথ প্রশিক্ষণ দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করেছে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, জরুরি উদ্ধার এবং মানবিক সহায়তা কার্যক্রমে উভয় দেশের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, প্রশিক্ষণ কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স আয়োজন অব্যাহত থাকবে।
এফপি/অ