ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের অবস্থান এবং তাঁর বাংলাদেশে প্রবেশের সম্ভাব্য খবরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্ক অবস্থান নিয়েছে জেলা বিএনপি। বুধবার (২৫ নভেম্বর) জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপির নির্দেশক্রমে জেলার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এ নির্দেশনায় জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজের নাম উল্লেখ করা হয়েছে।
এদিকে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনার পর নিজেই সীমান্তবর্তী এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে সীমান্তসংলগ্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সমন্বিতভাবে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সাংগঠনিকভাবে প্রস্তুত থাকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সামছুজ্জামান চৌধুরী কানন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এফপি/মিব