বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এদিন ৩৫ বছর পেরিয়ে ৩৬ বছরে পদার্পণ করে বিশ্ববিদ্যালয়টি।
সকাল ১০টায় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ প্রদক্ষিণ করে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. খসরুল আলমসহ বিভিন্ন স্কুলের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে বেলা ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৩৫ বছরের পথচলায় খুলনা বিশ্ববিদ্যালয় আজ যে অবস্থানে পৌঁছেছে, তা নিঃসন্দেহে গর্বের বিষয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে যাঁরা নানা ক্ষেত্রে অবদান রেখেছেন এবং উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে এর অগ্রযাত্রায় ভূমিকা রেখেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশ্ববিদ্যালয়ের প্রাণ শিক্ষার্থীদের পাশাপাশি দেশ-বিদেশে সুনাম অর্জনকারী সাবেক শিক্ষার্থীদেরও শুভেচ্ছা জানান তিনি।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এই শুভদিনে স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আজকের এই দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। ৩৫ বছরের পথচলায় খুলনা বিশ্ববিদ্যালয় এখন শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আলোকবর্তিকা নয়, দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তেও আলো ছড়াচ্ছে। শিক্ষা ও গবেষণার পাশাপাশি এ অঞ্চলের অর্থনীতি, সমাজ ও শিল্পের বিকাশেও বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, বিভিন্ন ক্লাব ও সংগঠনের কার্যক্রম শিক্ষার্থীদের ক্যাম্পাসজীবনকে প্রাণবন্ত করে তুলেছে। আগামীতে এসব ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে ইউজিসির পক্ষ থেকে বিশেষ বরাদ্দ দেওয়া হবে। এ সময় তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট এবং পাইকগাছা ক্যাম্পাসে কোস্টাল জোন ম্যানেজমেন্ট স্কুল অনুমোদনের ঘোষণা দেন।
খুলনা অঞ্চলের সম্ভাবনাময় খাতগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষি, মৎস্য ও চিংড়িশিল্পসহ বিভিন্ন খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সক্ষমতা রাখে। এসব সম্ভাবনাকে কাজে লাগাতে আরও বেশি প্রায়োগিক গবেষণা পরিচালনা করতে হবে।
দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তুলতে বর্তমান সরকার এক কোটি উচ্চমূল্যের কর্মসংস্থান (হাই-ভ্যালু জব) সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য নলেজ বেজড ইকোনমি বা জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের শক্তি। তাঁদের মানসম্পন্ন জনশক্তি হিসেবে গড়ে তুলতে দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে। চাকরির বাজারে নিজেদের যোগ্য অবস্থান তৈরি করতে পারে, এমনভাবে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে। একই সঙ্গে যারা উদ্ভাবক হতে চায়, তাদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. খসরুল আলম।
অনুষ্ঠানে ‘খুলনা বিশ্ববিদ্যালয়: অর্জন, রূপান্তর, ভবিষ্যৎ আকাঙ্ক্ষা’ শীর্ষক একটি উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিকীকরণের বিভিন্ন দিক, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ তুলে ধরেন অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মো. আশিক উর রহমান।
স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সদস্যসচিব ও ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন উদযাপন কমিটির আহ্বায়ক এবং আইন স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. নাসিফ আহসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী ছাত্রবিষয়ক পরিচালক মো. মতিউর রহমান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এ ছাড়া গত বছর বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনগুলোকে সম্মাননা প্রদান করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক বর্তমানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন, তাঁদেরও সম্মাননা স্মারক দেওয়া হয়।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাওয়ায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. মুরছালিন বিল্লাহ এবং অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাসিফ আহসানকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। পরে অতিথিরা বিশ্ববিদ্যালয় দিবসের কেক কাটেন। অদম্য বাংলা প্লাজায় ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বিভিন্ন বিভাগ ও ডিসিপ্লিনের গত বছরের অর্জন এবং আগামী বছরের পরিকল্পনা উপস্থাপন করা হয়।
এ ছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসের প্রধান ফটক, সড়ক, বিভিন্ন ভবন, আবাসিক হল ও অন্যান্য স্থাপনা দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সাজানো হয়।
এফপি/মিব