খুলনা-ঢাকা রুটে নতুন একটি বিরতিহীন ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জানুয়ারিতে ট্রেনটি চালু হতে পারে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী এমপি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে খুলনা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। একই সঙ্গে নতুন কোচ সংযোজনের পর মোংলা-ঢাকা রুটেও ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান এই সংসদ সদস্য।
আলী আসগর লবী বলেন, খুলনা-ঢাকা রুটে যাত্রীদের দীর্ঘদিনের চাহিদার কথা বিবেচনা করে নতুন বিরতিহীন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী জানুয়ারিতেই ট্রেনটির যাত্রা শুরু হবে। পাশাপাশি যাত্রীসেবার মান বাড়াতে নতুন কোচ সংযোজনসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এ সময় তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এ অঞ্চলের সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
এফপি/মিব