সুন্দরবনের দুবলারচরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব সমুদ্রের নোনাজলে পুণ্যস্নানের মধ্য দিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে শেষ হয়েছে। পুণ্যস্নান শেষে নিজ নিজ বাড়ির পথে রওনা হয়েছেন তীর্থযাত্রীরা। এবারের রাস উৎসবে প্রায় ১০ হাজার সনাতন ধর্মাবলম্বী তীর্থযাত্রী অংশ নেন।
দুবলার আলোরকোল থেকে রাস উৎসব উদ্যাপন কমিটির সভাপতি ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ মঙ্গলবার সকালে মুঠোফোনে জানান, দুই দিনব্যাপী রাস উৎসব মঙ্গলবার ভোরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
তিনি জানান, সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে আলোরকোলের অস্থায়ী রাধাকৃষ্ণ মন্দিরে তীর্থযাত্রীরা পূজা-অর্চনা, ভজন, কীর্তন ও প্রার্থনায় অংশ নেন। পরে মঙ্গলবার প্রত্যুষে সাগরের প্রথম জোয়ারের নোনাজলে পুণ্যস্নান করেন তাঁরা। স্নান শেষে নৌযানে করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হন তীর্থযাত্রীরা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, দুবলারচরের রাস উৎসব ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। এবারের উৎসবে প্রায় ১০ হাজার তীর্থযাত্রী অংশ নেন।
তিনি আরও জানান, তীর্থযাত্রীদের যাতায়াত ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ, পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। উৎসবের পরিবেশ ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে বাগেরহাটের জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও দুবলার আলোরকোলে উপস্থিত হন।
মঙ্গলবার ভোরে সাগরের প্রথম জোয়ারে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বী তীর্থযাত্রীরা পুণ্যস্নান শেষে নৌযানে করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানান ডিএফও।
এফপি/মিব