বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ঝিলবুনিয়া দরবার শরিফে মরহুম পীর সাহেব আলহাজ হযরত মাওলানা শাহ সুফি মুহাম্মাদ আব্দুর রহমান খাঁন (রহ.)-এর স্মরণে শুক্রবার (২০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ৫৬তম বার্ষিক ঈসালে সওয়াব ও ওয়াজ মাহফিল।
ঝিলবুনিয়া দরবার শরিফের বর্তমান গদ্দিনশীন পীর সাহেব আলহাজ হযরত মাওলানা শাহ সুফি আবু জাফর মুহাম্মাদ আলী ওসমান খাঁন মাহফিলের সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করবেন।
মাহফিলের প্রথম দিন শুক্রবার (২০ নভেম্বর) প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাবিবুল্লাহ আবাদ আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা মো. আব্দুর রাকিব। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শরীয়তপুরের কাশিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
দ্বিতীয় দিন শনিবার (২১ নভেম্বর) প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর দরবার শরিফের পীর সাহেবের নাতি এবং গাজীপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা মো. শামছুল হক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাগেরহাটের কচুয়া উপজেলার চর সোনাকুর আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা মো. রফিকুল ইসলাম।
মাহফিলের তৃতীয় দিন রোববার (২২ নভেম্বর) প্রধান মেহমান হিসেবে তাশরিফ আনবেন ফুরফুরা শরিফের পীর সাহেব আলহাজ হযরত মাওলানা শাহ ফতেহ আলী মোহাম্মদ আয়াতুল্লাহ সিদ্দিকী আল-কোরাইশী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব এবং তাহ্ফিজুল ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা এস এম নাঈমুল ইসলাম নাঈম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঝিলবুনিয়া দরবার শরিফের পীরজাদা আলহাজ হযরত মাওলানা আবুল হোসাইন মুহাম্মাদ বাকী বিল্লাহ খাঁন।
এ ছাড়া তিন দিনব্যাপী এ ঈসালে সওয়াব ও ওয়াজ মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট ওলামায়ে কেরাম অংশ নিয়ে ওয়াজ-নসিহত করবেন বলে জানা গেছে।
সোমবার (২৩ নভেম্বর) বাদ ইশরাক আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটবে। ঝিলবুনিয়া দরবার শরিফের বর্তমান গদ্দিনশীন পীর সাহেব আলহাজ হযরত মাওলানা শাহ সুফি আবু জাফর মুহাম্মাদ আলী ওসমান খাঁন আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে দরবার শরিফ সূত্রে জানা গেছে।
এফপি/মিব