কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা। রোববার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত নাফ নদীতে অভিযান চালায় কোস্ট গার্ডের শাহপরী আউটপোস্টের একটি দল। এ সময় টেকনাফের নাজিরপাড়া-সংলগ্ন নদীতে একটি সন্দেহজনক কাঠের বোটের গতিবিধি নজরে আসে। বোটটিকে থামার সংকেত দিলে এর আরোহী পাচারকারীরা মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়।
পরে ওই এলাকায় নদীতে ভাসমান চারটি প্যাকেট তল্লাশি করে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দ করা ইয়াবার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
এফপি/মিব