Dhaka, Monday | 16 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 November 2026 | English
শিরোনাম:

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে কৃষকের মামলা

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:০১ এএম  (ভিজিটর : ৩৮)

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে মামলা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) কুষ্টিয়ার দৌলতপুর থানায় এ মামলা করেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা কৃষক ইদ্রিস আলী (৬৭)। মামলায় আবদুল হালিমকে একমাত্র এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। পরে ওই জমি দখলের চেষ্টা করেন আবদুল হালিম। এর জের ধরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তার সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা ইদ্রিস আলীর বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করেন। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ ছাড়া ঘর থেকে তিনটি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নেওয়া হয়।

ইদ্রিস আলী এজাহারে উল্লেখ করেন, ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে উল্টো গত বছরের ১৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন আবদুল হালিম। ওই মামলায় তাকে কারাগারেও যেতে হয়। জামিনে মুক্তির পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে আবদুল হালিম জমিটি দখল করে নিয়েছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এ কারণে সপরিবারে এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।

এজাহারে আরও বলা হয়, গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় ইদ্রিস আলী ও তার পরিবারের সদস্যদের জড়ানোর চেষ্টা চলছে বলে তিনি জানতে পারেন। নিরাপত্তাহীনতা ও ভয়ের কারণে এত দিন মামলা করতে পারেননি বলে এজাহারে উল্লেখ করেছেন তিনি।

বাদী ইদ্রিস আলী বলেন, ‘আবদুল হালিমের ভাইদের কাছ থেকে আমি জমি কিনেছিলাম। কেনা জমিটি হালিমের বাড়ির নিচের দিকে বাঁশঝাড় এলাকায়। মূলত সেই ঘটনার জন্যই থানায় মামলা করেছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুল হালিম বলেন, ‘মামলার বিষয়টি আমার জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না। এলাকায় তাঁর অনেকের সঙ্গেই বিরোধ আছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক বলে জানি।’

আবদুল হালিম আরও বলেন, ‘ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটি বিষয় ছিল। হয়তো কারও প্ররোচনায় এসে এখন মামলা করেছেন ইদ্রিস আলী। এ ব্যাপারে আমি এখনো বিস্তারিত কিছু জানি না।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে ইদ্রিস আলী নামের এক ব্যক্তি আবদুল হালিমের বিরুদ্ধে মামলাটি করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী বলেন, তাকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝