Dhaka, Tuesday | 3 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 3 November 2026 | English
শিরোনাম:

নারায়ণগঞ্জে পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকদের বিক্ষোভ, ধাওয়া-পাল্টাধাওয়া

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম আপডেট: ০৩.১১.২০২৬ ৬:৩৭ পিএম  (ভিজিটর : ৩৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে দ্বিতীয় দিনের মতো ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিকরা সড়কে না নামলেও বেলা আড়াইটার দিকে কাঠেরপুল এলাকার আবীর ফ্যাশন, মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার ও আজাদ নিট কম্পোজিটের শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। পরে পৌনে ৩টার দিকে শিবু মার্কেট এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খাবারের বিরতির পর কাঠেরপুল এলাকার আবীর ফ্যাশনের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে বাইরে জড়ো হতে থাকেন। একপর্যায়ে পাশের মাইক্রো ফাইবার কারখানার শ্রমিকরাও তাঁদের সঙ্গে যোগ দেন। পরে মেট্রো নিটওয়্যার ও আজাদ নিট কম্পোজিটের শ্রমিকরাও আন্দোলনে অংশ নেন।

বেলা আড়াইটার দিকে কয়েক হাজার শ্রমিক কাঠেরপুল এলাকা থেকে মিছিল নিয়ে শিবু মার্কেটের দিকে অগ্রসর হন। এ সময় পুলিশ প্রধান সড়কে প্রবেশের মুখে ব্যারিকেড দিয়ে তাঁদের বাধা দেয়। তবে শ্রমিকরা ব্যারিকেড ভেঙে মূল সড়কে উঠে পড়েন। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

একপর্যায়ে পুলিশ শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শিবু মার্কেট এলাকা থেকে ফতুল্লা স্টেডিয়ামের দিকে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে জালকুড়ি এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন।

এ সময় পুলিশের লাঠিচার্জে কয়েকজন শ্রমিক আহত হন বলে জানা গেছে। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে ওই সড়কে যান চলাচল শুরু হয়।

সংঘর্ষের শুরুর দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকাল থেকে শ্রমিকরা সড়কে না নামলেও দুপুরের পর তাঁরা আন্দোলনে নামেন। তাঁদের শান্ত করার চেষ্টা করা হলেও তাঁরা পুলিশের ব্যারিকেড ভেঙে মূল সড়কে উঠে পড়েন।

তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে। এ ছাড়া বিজিবিও পুলিশের সঙ্গে যুক্ত হয়েছে।  শ্রমিকদের আন্দোলনের কারণ, তাঁদের দাবি এবং আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝