কক্সবাজারের টেকনাফে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে মো. আলম (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডেগিল্যার বিল এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পরিবারের সদস্যরা জানান, দুপুরে ধানখেতে আগাছা পরিষ্কার করছিলেন আলম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে বিকট শব্দে তিনি মাটিতে পড়ে অচেতন হয়ে যান। পরে তাঁকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেবাশীষ সরকার বলেন, বেলা আড়াইটার দিকে অচেতন অবস্থায় আলমকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁর জ্ঞান ফেরে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আলমের বাবা নুরুল ইসলাম বলেন, ‘বজ্রপাতের বিকট শব্দে আমার ছেলে মাটিতে পড়ে যায়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার হৃদ্পিণ্ডে গুরুতর আঘাত লেগেছে।’
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের পর টেকনাফের আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর ভারী বৃষ্টি ও ঘন ঘন বজ্রপাত শুরু হয়, যা প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।
এফপি/র