Dhaka, Thursday | 17 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 17 September 2026 | English
শিরোনাম:

উখিয়া-টেকনাফে ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১২ পিএম  (ভিজিটর : ১৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক অভিযানে ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ও সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)–এর পালংখালী ও হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল অভিযান দুটি পরিচালনা করে।

গ্রেপ্তার দুজন হলেন—উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৬-এর বাসিন্দা মো. জোনায়েত (২৬) এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মরিরগুনা এলাকার মো. শফিউল আলম (১৮)।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, ভোর ৫টা ২০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী পালংখালী পানির পয়েন্টের উত্তর পাশে পোগরবুলখালী এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে লুঙ্গিতে মোড়ানো দুটি পোটলা নিয়ে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাঁকে চ্যালেঞ্জ করেন। পালানোর সময় জোনায়েতকে আটক করা হয়।

পরে তাঁর কাছে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ৩১ কার্টনে ৩ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, সকাল ৮টার দিকে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী কেরেঙ্গোঘোনা পোস্ট-১ এলাকায় অভিযান চালায়। এ সময় জেলের ছদ্মবেশে কারেন্ট জাল হাতে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা এক যুবককে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাঁকে চ্যালেঞ্জ করেন। দৌড়ে পালানোর সময় শফিউল আলমকে আটক করা হয়।

পরে তাঁর কাছে থাকা কারেন্ট জাল তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো একটি নীল কার্টন থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি মুঠোফোন ও কারেন্ট জাল জব্দ করা হয়।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝