চট্টগ্রামের সাতকানিয়ায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আয়োজিত ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাতকানিয়া উপজেলা পরিষদের হলরুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। গত ২ সেপ্টেম্বর এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
প্রকল্পের আওতায় সারাদেশের ৫৭ জেলার ১৫০টি উপজেলায় ১০ ধরনের প্রান্তিক পেশার মোট ১২ হাজার পেশাজীবীকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সাতকানিয়া উপজেলায় প্রথম ব্যাচে ৩০ জন প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক পেশাজীবীদের কর্মদক্ষতা বৃদ্ধি, পেশাগত সক্ষমতা উন্নয়ন এবং ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের যোগাযোগ দক্ষতা, আচরণগত দক্ষতা, গ্রাহকসেবা, কর্মক্ষেত্রে ইতিবাচক আচরণসহ বিভিন্ন সফট স্কিল বিষয়ে ধারণা দেওয়া হয়।
এ ছাড়া প্রশিক্ষণ শেষে প্রান্তিক পেশাজীবীদের মধ্য থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের ব্যাংক হিসাবের মাধ্যমে এককালীন ১৮ হাজার টাকা করে অনুদান দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে এককালীন অনুদানের ডামি চেক ও প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, শুধু প্রশিক্ষণ দেওয়ার মধ্যেই এ কার্যক্রম সীমাবদ্ধ নয়; প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা ও আয় বৃদ্ধির পাশাপাশি তাদের মধ্য থেকে উদ্যোক্তা তৈরির মাধ্যমে জীবনমানের টেকসই উন্নয়ন ঘটানোই প্রকল্পটির অন্যতম লক্ষ্য।
প্রশিক্ষণার্থীরা বলেন, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের পেশা ও ব্যবসাকে আরও কার্যকরভাবে পরিচালনার বিষয়ে তারা বাস্তব ধারণা পেয়েছেন। এককালীন অনুদানটি কাজে লাগিয়ে পেশার পরিধি বাড়ানো বা ছোট পরিসরে নতুন উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলেও তারা জানান।
এফপি/অ