প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম (ভিজিটর : ১৩)
সংগৃহীত ছবি
মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় কক্সবাজারের উখিয়ায় দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পালংখালী সীমান্তের আনজুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ১০ মিনিটে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল আনজুমানপাড়া পানির পয়েন্টের উত্তর পাশে অবস্থান নেয়। এ সময় মিয়ানমারের দিক থেকে ব্যাগ হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।
বিজিবি সদস্যরা তাঁদের থামার সংকেত দিলে দুজনই পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁদের আটক করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বহন করা পলিব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪টি কার্টন পাওয়া যায়। এসব কার্টনে মোট ১ লাখ ৪০ হাজার ইয়াবা বড়ি ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তাঁরা বহন করছিলেন।
লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদকের সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।