প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৬ পিএম (ভিজিটর : ৮)
সংগৃহীত ছবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আয়েশা বেগম (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী ছৈয়দ আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামিরতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে আয়েশাকে মারধর করে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবার।
পুলিশ জানায়, আয়েশার সঙ্গে স্থানীয় জাফর আলমের সম্পর্ক রয়েছে—এমন সন্দেহকে কেন্দ্র করে স্বামী ছৈয়দ আহমদের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। রোববার সন্ধ্যায় তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আয়েশাকে মারধর করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপর ছৈয়দ আহমদ ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।