মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় দুই রেস্টুরেন্টকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানকালে আনারপুরা এলাকার নিউ ফুড ভিলেজ হাইওয়ে রেস্টুরেন্টে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করতে দেখা যায়। একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার সংরক্ষণ এবং প্রস্তুত খাবার ঢেকে না রাখার বিষয়টিও ধরা পড়ে। এসব অনিয়মের কারণে রেস্টুরেন্টটির ম্যানেজার মোহাম্মদ শাহীনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার ঢাকা মিষ্টিমুখ অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও খাবার প্রস্তুত, উন্মুক্তভাবে ডাস্টবিন রাখা এবং কর্মীদের হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা না থাকার প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া রেস্টুরেন্টটির দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হয়নি। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির ম্যানেজার তপন চৌধুরীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা আসিফ আল আজাদ বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখের বিষয়েও সতর্ক করা হয়েছে।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
এফপি/ফ