Dhaka, Monday | 24 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 24 August 2026 | English
শিরোনাম:

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩:৩৪ পিএম  (ভিজিটর : ২৪)

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত উজ্জ্বল জামালগঞ্জ উপজেলার ছোট ঘাগটিয়া গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য এবং স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন 'ব্লাড ব্যাংক জামালগঞ্জ'-এর প্রতিষ্ঠাতা ছিলেন।

সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে মৌলভীবাজার যাওয়ার পথে শান্তিগঞ্জ উপজেলার সিচনী পয়েন্ট সংলগ্ন ডাবর-জগন্নাথপুর মহাসড়কের কালাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে সিচনী ব্রিজ পার হয়ে কালাপুল সংলগ্ন মহাসড়কে বিকট শব্দ শুনতে পান তারা। পরে ঘটনাস্থলে গিয়ে সড়কের ওপর উজ্জ্বলকে পড়ে থাকতে দেখেন। দুর্ঘটনায় তার মাথা থেঁতলে যায়। কিছুটা দূরে সড়কের পাশে তার মোটরসাইকেলটি পড়ে ছিল।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময় তারা কোনো গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ সরাসরি দেখেননি। তবে ঘটনার পরপরই ঢাকা থেকে সুনামগঞ্জগামী হানিফ পরিবহনের একটি দূরপাল্লার বাসকে দ্রুতগতিতে ঘটনাস্থল অতিক্রম করতে দেখা যায়। দ্রুতগতির কারণে বাসটির নম্বর সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানান তারা।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউল্লাহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় উজ্জ্বল নামে জামালগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। কোন পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিবারের সদস্যরা থানায় এসেছেন। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝