কক্সবাজারের টেকনাফ সীমান্তসংলগ্ন এলাকা থেকে চার লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৪ আগস্ট) ভোরে মিয়ানমার সীমান্তের কাছাকাছি উখিয়ার মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে হ্নীলা বর্ডার আউটপোস্টের (বিওপি) একটি বিশেষ টহল দল মৌলভীবাজার এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর মিয়ানমারের দিক থেকে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেখা যায়।
বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দিলে সন্দেহভাজন ব্যক্তিরা বস্তা নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোড়েন। তবে তারা অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হন।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি বস্তা উদ্ধার করা হয়। বিজিবির ভাষ্য অনুযায়ী, বস্তাগুলোর ভেতরে খাকি রঙের প্যাকেটে নীল রঙের বায়ুরোধী প্যাকেট ছিল। এসব প্যাকেটে মোট চার লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আরও তল্লাশি চালানো হলেও ইয়াবা ছাড়া অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি কর্মকর্তারা জানান, ইয়াবা পরিবহনের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
এফপি/ফ