সিরাজগঞ্জের কামারখন্দে প্রেমিকার বিয়ের দিন রাকিব প্রামাণিক (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরের পর উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের জটিবাড়ি গ্রামের একটি আম বাগান থেকে রাকিব প্রামাণিক (২২) নামের ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে।
জটিবাড়ি এলাকার বাসিন্দা নাসির উদ্দিন বলেন, রাকিব ভদ্র স্বভাবের ছিলেন। স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ার সময় পার্শ্ববর্তী রায়দৌলতপুর গ্রামের মাবিয়ার নামেন তরুণীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরে তিনি বিদেশে গেলেও প্রত্যাশিত কাজ না পেয়ে দেশে ফিরে আসেন। এরপর খেলাধুলায় সময় কাটাতেন। সম্প্রতি ওই তরুণীর বিয়ের খবর পেয়ে বিয়ের জন্য মেয়ের পরিবারকে রাজি করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু মেয়ের পরিবার রাজি না হয়ে আজকে অন্যত্র বিয়ের আয়োজন করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন।
এ ঘটনায় জটিবাড়ি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। যে মুখটি প্রতিদিন হাসিমুখে সবার সঙ্গে মিশত, সেই রাকিবের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ স্বজন, বন্ধু ও প্রতিবেশীরা।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এফপি/র