নাটোর শহরের আলাইপুর এলাকায় অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের কয়েকটি জানালার কাঁচ ভাঙচুর করেন এবং এক চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্বজনদের অভিযোগ, মঙ্গলবার সকাল ৭টার দিকে প্রসূতি রুমি বেগমকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৮টার দিকে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। তবে জন্মের কিছুক্ষণ পরই নবজাতকটির মৃত্যু হয়।
নিহত নবজাতকটি নাটোর সদর উপজেলার আগদিঘা পশ্চিমপাড়া গ্রামের রিকশাচালক বাবু হোসেন ও রুমি বেগম দম্পতির প্রথম সন্তান। স্বজনদের দাবি, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পাওয়ায় নবজাতকের মৃত্যু হয়েছে। ডেলিভারির সময় হাসপাতালের কর্মী ইতি রানী মণ্ডল উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
নবজাতকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। একপর্যায়ে তারা হাসপাতালের কয়েকটি জানালার কাঁচ ভাঙচুর করেন। এ সময় এক চিকিৎসকের ওপর হামলার ঘটনাও ঘটে বলে জানা যায়।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তাদের ভাষ্য, ঘটনার বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত দুই পক্ষের কারও কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এফপি/র