যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও আধুনিক করতে পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ফেরিঘাট এলাকার গাবখান চ্যানেলের ওপর প্রস্তাবিত দ্বিতীয় সেতু নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে স্থান পরিদর্শন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ।
শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন বাংলাদেশ সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ।
জানা গেছে, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর জাতীয় সংসদে সেতুটি নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রীর দুষ্টি আকর্ষণ করেন এবং নির্মাণের আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে গত ১০ মে ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিবের কাছে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে পিরোজপুর জেলার মানুষের দৈনন্দিন যাতায়াত সহজ করা এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে আমরাজুড়ি সেতুসহ জেলার তিনটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণকে জরুরি উল্লেখ করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় শনিবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল কাউখালী উপজেলার আমরাজুড়ি ফেরিঘাট এলাকায় সেতুর সম্ভাব্য নির্মাণ স্থান পরিদর্শন করেন। এসময় সেতু বিভাগের অতিরিক্ত সচিব আলতাব হোসেন শেখ, সেতু বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জেল হোসেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মিস ইসরাত জাহান, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানসহ স্হানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ জানান, প্রস্তাবিত সেতুটি নির্মিত হলে খুলনা, পিরোজপুর, বরিশাল ও ঢাকার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে উল্লেখযোগ্য উন্নতি হবে। এতে সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে, কৃষিপণ্য দ্রুত পরিবহন করা সম্ভব হবে এবং ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নের নতুন সুযোগ সৃষ্টি হবে।বর্তমানে প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা ও কারিগরি বিভিন্ন বিষয় যাচাই-বাছাইয়ের কাজ চলমান রয়েছে। পরে তিনি পিরোজপুরের নেছারাবাদে ও ভান্ডারিয়া উপজেলার সন্ধ্যা নদীর ওপর প্রস্তাবিত আরো দুটি সেতু নির্মাণের সম্ভাবনা স্থান পরিদর্শন করেছেন।
এফপি/অ