বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে বন্ধ হয়ে যাওয়া একটি সড়ক সচল করেছে হিল ভিডিপির সদস্যরা।
টানা ভারী বর্ষণে গত বুধবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের কম্বুনিয়া জারুলিয়া সড়কের পাশে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে ওই অঞ্চলের প্রায় একশ পরিবারের একমাত্র যাতায়াত মাধ্যমটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুর্যোগের খবর পেয়ে ভিডিপি প্লাটুন কমান্ডার কামাল মিয়া তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা প্রশিক্ষকের মাধ্যমে জেলা কমান্ড্যান্ট, বান্দরবানকে জানান। পরে তিনি দ্রুত মাটি ও গাছপালা সরিয়ে সড়ক সচলের নির্দেশ দেন।
এরপর বৃহস্পতিবার সকাল থেকেই কামাল মিয়ার নেতৃত্বে হিল ভিডিপির সদস্যরা সড়ক সচলের কাজ শুরু করেন। প্রবল বৃষ্টি উপেক্ষা করে তারা কুড়াল ও কোদাল দিয়ে সড়কে জমে থাকা কাদা-মাটি সরিয়ে নেন। একই সঙ্গে উপড়ে পড়া গাছপালা কেটে রাস্তা থেকে অপসারণ করেন।
তাদের স্বেচ্ছাশ্রম ও সমন্বিত প্রচেষ্টায় সড়কটি পুনরায় যান চলাচলের উপযোগী হয়ে ওঠে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের জনকল্যাণমূলক ও মানবিক কাজের নির্দেশনার আলোকে তৃণমূলের ভিডিপি সদস্যরা এ মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। দুর্গম পাহাড়ি অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় হিল ভিডিপির এমন দ্রুত ও কার্যকর উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।
এফপি/র