কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং এলাকায় চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।
নিহত ব্যক্তি হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরাতন পাড়া এলাকার বাসিন্দা হাফেজ মোক্তার আহমদের ছেলে শফি উল্লাহ (২২)। তিনি টেকনাফের হ্নীলাস্থ মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী ছিলেন।
রোববার (৫ জুলাই) সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের বড় ভাই সিদ্দিক আহমদ অভিযোগ করেন, দীর্ঘ আট বছর ধরে তাদের বাড়িতে যাতায়াতের পথ বন্ধ করে রেখেছেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল আহমদ ও তার লোকজন। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও তারা কোনো সমাধানে রাজি হননি। তিনি প্রবাসে থাকাকালে চলাচলের পথ ছাড়ার জন্য কামাল আহমদ চাঁদাও দাবি করেছিলেন বলেও অভিযোগ করেন। এ ঘটনায় আদালতে একটি মামলা চলমান রয়েছে।
তিনি আরও জানান, শনিবার (৪ জুলাই) ওই মামলার তদন্তে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই উৎপেতে থাকা কামাল আহমদ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তার চার ভাই আবু বক্কর, হাবিব উল্লাহ ও শফি উল্লাহসহ কয়েকজন আহত হন।
গুরুতর আহত শফি উল্লাহ মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তিনি বমি করলে তাকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মূলত যাতায়াত পথের জায়গা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
এফপি/র