কক্সবাজারের টেকনাফে প্রথমবারের মতো বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অপহরণ, মাদক, মানবপাচার, অবৈধ অস্ত্র ও অনলাইন জুয়া দমনে সমন্বিত ও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল মান্নান। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
সভা পরিচালনা করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী। এতে রামু সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, র্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ানুল হালিম খানসহ বিজিবি, কোস্ট গার্ড, এপিবিএন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বন বিভাগ এবং অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় টেকনাফের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে অপহরণ, মাদক ও মানবপাচার প্রতিরোধে অভিযান জোরদার, দুর্গম পাহাড়ি এলাকায় চিরুনি অভিযান, সীমান্তে নজরদারি বৃদ্ধি এবং অবৈধ অস্ত্র ও অনলাইন জুয়া দমনে সমন্বিত কার্যক্রম গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়।
সভা শেষে কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী টেকনাফে জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করবে এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এফপি/র