বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গরিব, অসহায় ও সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
মঙ্গলবার (২ জুন) দুপুরে ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা বিতরণ করা হয়।
বিজিবি জানায়, মানবিক উদ্যোগের অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি সদর ও ঘুমধুম ইউনিয়নের দুইটি দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন এবং আটটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে ছাগল, সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত উপকারভোগীরা বিজিবির এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সীমান্ত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় তারা কৃতজ্ঞ। এ ধরনের সহায়তা তাদের স্বাবলম্বী হতে এবং পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিজিবি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনবান্ধব ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।”
তিনি আরও বলেন, “আজকের এ আর্থিক ও উপকরণ সহায়তা চলমান মানবিক কার্যক্রমেরই অংশ। ভবিষ্যতেও নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সীমান্ত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।”
বিজিবি সূত্র জানায়, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সীমান্তবর্তী জনসাধারণের মধ্যে সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই লক্ষ্যেই মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।
এফপি/অ