Dhaka, Thursday | 30 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 30 July 2026 | English
শিরোনাম:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১১:৪৩ এএম  (ভিজিটর : ১৪৬)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের মালিকবিহীন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জারুলিয়াছড়ি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৪৬ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ মৌলভীকাটা গ্রামের জামে মসজিদের পশ্চিম পাশে একটি বেগুন ক্ষেত তল্লাশি করা হয়। পরে সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি ব্যাগ থেকে সর্বমোট ৯৯ হাজার ৯৪০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে খয়েরি রঙের ৯৮ হাজার ৯৭০ পিস এবং সবুজ রঙের ৯৭০ পিস ট্যাবলেট রয়েছে বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৯ লাখ ৮২ হাজার টাকা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির পিএসসি ইঞ্জিনিয়ার্স বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং মাদক পাচার বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারি বজায় রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝