বরিশালের গৌরনদীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, গুলি ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসামগ্রীসহ মো. রায়হান (৩৭) নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গৌরনদী আর্মি ক্যাম্পের একটি টিম গৌরনদী পৌরসভার কসবা এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় রায়হানের কাছ থেকে এয়ারগানের ১৮০ রাউন্ড গুলি, ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র, দেশীয় ঢাল এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, গ্রেপ্তারকৃত রায়হানের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তার বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/অ