‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র্যালি এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলাসহ গুরুত্বপূর্ণ পাঁচটি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ চত্বর ও প্রশাসনিক হলরুমে পর্যায়ক্রমে এসব কর্মসূচি পালিত হয়।
সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পাশাপাশি ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পৃথক একটি র্যালি বের করা হয়। র্যালি দুটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন, নিয়মিত টিকাদান এবং নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে প্রাণিজ পণ্য রপ্তানিরও ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে খামারিদের আরও সচেতন ও দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, সারা দেশের মতো তানোরেও ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
পরে সকাল সাড়ে ১০টা থেকে উপজেলা প্রশাসনিক হলরুমে পর্যায়ক্রমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত কমিটির সভা, যৌতুক নিরোধ কমিটির সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা এবং চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় সভাপতিত্ব করেন ইউএনও নাঈমা খান।
দিনব্যাপী এসব কর্মসূচি ও সভায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা (সহকারী প্রোগ্রামার) জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক খান, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলমগীর হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং উপজেলার গবাদিপশু ও হাঁস-মুরগির খামারিরা।
এফপি/মিব