কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চারপাশ। সঙ্গে বইছে হিমেল বাতাস। দিন যত গড়াচ্ছে, চুয়াডাঙ্গায় ততই বাড়ছে শীতের অনুভূতি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলার তাপমাত্রা নেমে এসেছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। শীতের আগমনে একদিকে যেমন কর্মব্যস্ত হয়ে উঠেছেন মৌসুমি খেজুর গাছিরা, অন্যদিকে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছেন শিশু ও বয়স্করা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান। তিনি জানান, তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বেড়েছে।
এদিকে শীতের প্রভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, গত সপ্তাহের তুলনায় হাসপাতালের বহির্বিভাগে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। রোটাভাইরাসজনিত ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসছেন তাঁরা।
অন্যদিকে শীতের আগমনে নতুন কর্মব্যস্ততা তৈরি হয়েছে মৌসুমি খেজুর গাছিদের মধ্যে। খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে গাছে নল বসানোর কাজ শুরু করেছেন তাঁরা। গাছিদের প্রত্যাশা, আর কয়েক দিনের মধ্যেই বাজারে পাওয়া যাবে সুস্বাদু টাটকা খেজুরের রস ও গুড়।
চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামের তরুণ গাছি সাদ্দাম হোসেন জানান, খেজুর গাছ তোলা তাঁদের পারিবারিক পেশা। তাঁর বাবা ও দাদারাও এ পেশার সঙ্গে যুক্ত ছিলেন। এখন তিনি সেই ঐতিহ্য ধরে রেখেছেন। কয়েক দিনের মধ্যেই রস সংগ্রহ শুরু করবেন। অন্য বছরের মতো এবারও উৎপাদিত গুড় দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশেও পাঠানোর পরিকল্পনা রয়েছে।
তবে শীতের এ মৌসুমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জীবিকার তাগিদে ভোরের তীব্র ঠান্ডা উপেক্ষা করেই রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি নিয়ে রাস্তায় নামতে হচ্ছে তাঁদের। কিন্তু শীতের কারণে সকালে যাত্রী ও কাজের সুযোগ কমে যাওয়ায় আয়-রোজগারও কমছে।
চুয়াডাঙ্গা শহরের রিকশাচালক জালাল উদ্দিন বলেন, গত দুই দিন ধরে ভোরে বাড়ি থেকে বের হলেই শরীরে কাঁপুনি ধরে। রাস্তায় যাত্রীও আগের তুলনায় কম। তারপরও জীবিকার প্রয়োজনে ঠান্ডা উপেক্ষা করেই রিকশা চালাতে হচ্ছে।
দিনমজুর রফিকুল ইসলাম বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে কাজের সুযোগ কমে যায়। সকালে তেমন কেউ কাজে ডাকেন না। দুপুরে রোদ ওঠার পর মাঠে কাজ করার সুযোগ হয়। আবহাওয়ার এমন পরিবর্তনে চুয়াডাঙ্গায় শীতের উপস্থিতি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। শীতের তীব্রতা আরও বাড়লে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। বিশেষ করে শিশু, বয়স্ক ও নিম্ন আয়ের মানুষের জন্য প্রয়োজন বাড়তি সতর্কতা ও শীতবস্ত্রের সহায়তা।
এফপি/মিব