বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি) বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির প্রতিটি সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবি মানবিক ভূমিকা পালন করে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১০ নম্বর পুনট্টি ইউনিয়ন পরিষদে আয়োজিত ২৪ দিনব্যাপী বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেক্টর কমান্ডার বলেন, সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিজিবি নিয়মিতভাবে ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার ও খাদ্যসহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি সীমান্ত এলাকার যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে বিজিবি। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকার শিক্ষিত ও বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য।
তিনি আরও বলেন, প্রশিক্ষণে অংশ নেওয়া ২০ জন যুবকের প্রত্যেককে সনদপত্রের পাশাপাশি প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম (ইলেকট্রিক টুলস) দেওয়া হয়েছে। এসব সরঞ্জাম কাজে লাগিয়ে তারা প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতার মাধ্যমে নিজ নিজ এলাকায় কাজের সুযোগ সৃষ্টি করতে এবং স্বাবলম্বী হতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগ সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় করবে।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি), ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মিজানুর রহমান (পিবিজিএমএস), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম, চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী, ১০ নম্বর পুনট্টি ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. চাঁন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন তাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ২০ জন বেকার যুবককে নিয়ে ২৪ দিনব্যাপী এ বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম বিতরণ করা হয়।
এফপি/মিব