গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ সুমাইয়া আক্তার (৩১) নামে এক নারীকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আড়াইটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকার কছিম উদ্দিন সড়কের ফ্রেন্ডস টাওয়ার নামের একটি বহুতল ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। একই দিন দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
গ্রেফতার সুমাইয়া আক্তার গাজীপুরের গাছা থানার কলমেশ্বর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। তিনি ওই ভবনের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের একটি দল দত্তপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সুমাইয়া আক্তারকে গ্রেফতার করে। পরে তাঁর বাসায় তল্লাশি চালিয়ে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এফপি/মিব