Dhaka, Thursday | 26 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 26 November 2026 | English
শিরোনাম:

মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম  (ভিজিটর : ৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবার নিয়ে সংবাদ প্রকাশ এবং ইউপি সদস্য পদে প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে সাংবাদিক রিপন মিয়াকে হত্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দৈনিক যায়যায়দিনের ডিজিটাল প্রতিনিধি রিপন মিয়া। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে রিপন মিয়া জানান, উপজেলার গোয়ালপাড়া এলাকার মৃত আমজাদের ছেলে সুমর ও তাঁর ছেলে শাওনের বিরুদ্ধে মাদক কারবার, চুরি ও ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় একাধিকবার স্থানীয়দের হাতে আটক হওয়ার পর তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ছাড়া সুমরের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে বলে দাবি করেন তিনি।

রিপন মিয়ার দাবি, একটি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সুমরকে প্রায় তিন মাস আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। কারাভোগের প্রায় তিন মাসের মাথায় কারাগারে সুমরের মৃত্যু হয়।

সংবাদ সম্মেলনে রিপন মিয়া আরও বলেন, সম্প্রতি তিনি রূপগঞ্জ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করেছেন। পাশাপাশি এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশ করে আসছেন। এরই ধারাবাহিকতায় সুমরের মাদক সংশ্লিষ্টতা নিয়েও তিনি একাধিক প্রতিবেদন প্রকাশ করেন।

তাঁর অভিযোগ, ইউপি সদস্য পদে প্রার্থিতা ঘোষণার পর একটি মহল সুমরের কারাগারে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ওই মহল সুমরের পরিবারকে প্রলোভন দেখিয়ে সাংবাদিক রিপনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে হত্যা মামলায় জড়ানোর চেষ্টা করছে।

তিনি আরও অভিযোগ করেন, একটি পক্ষ সুমরের নাবালিকা কন্যাসহ পরিবারের সদস্যদের দিয়ে শিখিয়ে দেওয়া বক্তব্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে প্রচার করেছে। এর মাধ্যমে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে।

রিপন মিয়ার দাবি, তাঁকে রাজনৈতিকভাবে বিতর্কিত করতে অতীতের একটি নির্বাচনে এক ইউপি চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নৌকা প্রতীকে ভোট চাওয়ার বিষয়টিও সামনে এনে অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি তাঁর পৈতৃক সম্পত্তি বিক্রির অর্থ দিয়ে বাড়ি নির্মাণের বিষয় নিয়েও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে রিপন মিয়া আরও অভিযোগ করেন, ষড়যন্ত্রকারী একটি মহল তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের হুমকি দিয়েছে। এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি এ ধরনের অপপ্রচার, হয়রানি ও হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, সাংবাদিক সমাজ ও প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এফপি/মিব


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝