পশু উৎপাদনের পাশাপাশি দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে পাবনার যে দেশব্যাপী সুনাম রয়েছে, তা ধরে রাখতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তিনি বলেন, মানসম্মত পশু ও নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। এ জন্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে গুণগত মান নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও তিন দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ইদানীং কিছু অসাধু খামারি ও ব্যবসায়ী ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাত করছেন। এতে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ার পাশাপাশি অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে খামারি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে। নিরাপদ ও মানসম্মত পশু এবং দুগ্ধজাত পণ্য উৎপাদনে বিশেষ গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, পাবনা কৃষির জন্য অত্যন্ত উর্বর একটি জেলা। এখানকার কৃষি ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। এ ক্ষেত্রে সরকার বিভিন্নভাবে সহযোগিতা অব্যাহত রেখেছে। সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে আধুনিক ও বাণিজ্যিক প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ও পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আব্দুল হামিদ সড়কে সাবেক বন্ধন কমিউনিটি সেন্টার মাঠে (মুক্তমঞ্চ সংলগ্ন) গিয়ে শেষ হয়। পরে সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল কাদির, উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল আলমসহ জেলার বিভিন্ন এলাকার খামারি ও নানা শ্রেণি-পেশার মানুষ। আয়োজকেরা জানান, তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে ২২টি স্টলে বিভিন্ন প্রজাতির পশু, প্রাণিসম্পদ খাতের উপকরণ এবং উৎপাদিত খাদ্য ও দুগ্ধজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
এফপি/মিব