Dhaka, Thursday | 26 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 26 November 2026 | English
শিরোনাম:

মিয়ানমার থেকে আরও ৪১ জেলেকে ফেরাল বিজিবি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:৩৮ পিএম  (ভিজিটর : ৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাফ নদীর শূন্যরেখা থেকে তাঁদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে বিজিবির একটি প্রতিনিধিদল। এ নিয়ে ২০২৬ সালে বিজিবির উদ্যোগে মিয়ানমার থেকে মোট ৩২৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন এসব জেলে। এ সময় তাঁদের আটক করে আরাকান আর্মি। পরে মিয়ানমারের অভ্যন্তরে সংগঠনটির নিয়ন্ত্রণাধীন এলাকা ও কারাগারে তাঁদের আটকে রাখা হয়।

বিজিবির এই কর্মকর্তা বলেন, আটক জেলেদের দেশে ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে যোগাযোগ, কূটনৈতিক তৎপরতা ও মানবিক উদ্যোগ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আরও ৪১ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, দেশে ফিরিয়ে আনা জেলেদের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যাচাই-বাছাই চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশি নৌকাসহ মোট ৪৩৪ জন জেলেকে আটক করেছিল আরাকান আর্মি। তাঁদের মধ্যে ২২২ জন বাংলাদেশি এবং ২১২ জন রোহিঙ্গা ছিলেন। পরে বিজিবির উদ্যোগে কয়েক দফায় ৩৪৮ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। তাঁদের মধ্যে ১৫৭ জন বাংলাদেশি ও ১৯১ জন রোহিঙ্গা ছিলেন।

এর আগে গত ১৯ আগস্ট আরাকান আর্মির কাছ থেকে আরও ২৪ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। তাঁদের মধ্যে ১৬ জন বাংলাদেশি নাগরিক এবং আটজন টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা ছিলেন।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ফিরিয়ে আনা ৪১ জনসহ ২০২৬ সালে এ পর্যন্ত মোট ৩২৩ জন আটক জেলেকে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অবশিষ্ট আটক জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝