Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

সাবেক মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ২:০৩ পিএম আপডেট: ১৯.১১.২০২৬ ২:১৪ পিএম  (ভিজিটর : ৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাদারীপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের ভাইয়ের মালিকানাধীন সার্বিক পেট্রোল পাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হেলমেট পরা একদল ব্যক্তি পাম্পের অফিস কক্ষ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। এতে পাম্পের কর্মচারী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার (১৮ নভেম্বর) রাতে মাদারীপুর-ঢাকা মহাসড়কের নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন সার্বিক পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হেলমেট পরা একদল ব্যক্তি পাম্প এলাকায় এসে অতর্কিত হামলা চালায়। তাদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হামলাকারীরা পাম্পের অফিস কক্ষ লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পাম্পের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। আকস্মিক এ হামলায় পাম্পে কর্মরত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হামলার সময় পাম্পে কর্মরত ইব্রাহিম মিয়া বলেন, ‘আমরা তখন বিভিন্ন গাড়িতে জ্বালানি সরবরাহ করছিলাম। হঠাৎ দেখি, হেলমেট পরা বেশ কয়েকজন ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে পাম্পে আসে। তারা পাম্পের অফিস কক্ষ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভাঙচুর চালায়। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘এই পাম্প আমাদের রুজি-রোজগারের জায়গা। এটি মাদারীপুরের একটি সম্পদ, দেশেরও সম্পদ। এভাবে ভাঙচুর করা কোনোভাবেই ঠিক হয়নি।’

স্থানীয় বাসিন্দারা বলেন, রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত বিরোধ—যে কারণেই হোক, কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে এভাবে হামলা ও ভাঙচুর গ্রহণযোগ্য নয়। বিশেষ করে ব্যস্ত মহাসড়কের পাশে অবস্থিত একটি পেট্রোল পাম্পে এমন ঘটনা কর্মচারী, গ্রাহক ও সাধারণ মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। তাঁরা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের টহল জোরদারের দাবি জানান।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘সার্বিক পেট্রোল পাম্পে ভাঙচুরের ঘটনা ঘটেছে, বিষয়টি সত্য। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।’

এফপি/মিব


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝