নওগাঁর পত্নীতলায় ৫ নম্বর মাটিন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হিসেবে ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সাদ্দাম হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে নজিপুর মুগ্ধ কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভা শেষে তাঁর নাম ঘোষণা করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. মোকসেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান জোহা। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি সাদেকুল বারী, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম ও মো. রমজান আলী সরদার, নজিপুর পৌর বিএনপির সভাপতি মো. মামুন হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক এ.জেড. মিজান, উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম বেগম শেফা, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ও শাহির হোসেন শিপু।
এ ছাড়া সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে ৫ নম্বর মাটিন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সাদ্দাম হোসেনকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেন উপজেলা বিএনপির সভাপতি মো. মোকসেদুল হক।
এফপি/মিব