নওগাঁর ধামইরহাটে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিন।
এ সময় তিনি সরকারের দেওয়া কৃষি ভর্তুকি ও প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করে সরিষার উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নুর নবী খান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার কুন্ডু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন রাব্বিসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় কৃষকেরা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। পাশাপাশি সরিষার আবাদ বৃদ্ধি, উন্নত ফলন নিশ্চিত করা এবং ফসলের রোগবালাই প্রতিরোধে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
এফপি/মিব