Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

বৈশ্বিক কর্মবাজারে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ডুয়েটে ভাষা শিক্ষা কেন্দ্র চালু

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:৩০ পিএম  (ভিজিটর : ১৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে চীনা ভাষার গুরুত্ব ও বৈশ্বিক যোগাযোগে এর সম্ভাবনা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) গাজীপুরে ডুয়েট ক্যাম্পাসে এ দুটি প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) ব্যবস্থাপনায় ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন: সিগনিফিক্যান্স অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। বৈশ্বিক যোগাযোগে চীনা ভাষার গুরুত্ব ও এ ভাষা শেখার মাধ্যমে সৃষ্ট সম্ভাবনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ সৃষ্টির উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে এ উদ্যোগ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার জন্য ইউজিসিকেও ধন্যবাদ জানান তিনি।

উপাচার্য বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর ও চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে প্রযুক্তি এবং বৈশ্বিক কর্মবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ বাস্তবতায় মাতৃভাষা ও ইংরেজির পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ বিদেশি ভাষায় দক্ষতা অর্জন সময়ের দাবি। বিদেশি ভাষায় দক্ষতা জনশক্তি রপ্তানির সম্ভাবনা বাড়ানোর পাশাপাশি কর্মবাজার বহুমুখীকরণ এবং বৈশ্বিক মূল্যশৃঙ্খলে বাংলাদেশের অংশগ্রহণ সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে চীনা ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ডুয়েট প্রথম তৃতীয় ভাষা শিক্ষার জন্য সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস চালু করতে সক্ষম হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। নতুন এ কেন্দ্র এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক দপ্তর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি, গ্রহণযোগ্যতা ও র‌্যাঙ্কিং উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা বলেন, বর্তমান বিশ্বে একজন প্রকৌশলী ও প্রযুক্তিবিদের জন্য কারিগরি দক্ষতার পাশাপাশি ভাষাগত দক্ষতা এবং আন্তঃসাংস্কৃতিক যোগাযোগের সক্ষমতা অপরিহার্য। অবকাঠামো, উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক ক্রমেই বিস্তৃত হচ্ছে। এ উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে ডুয়েটের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. ইয়াং হুই বলেন, চীনা ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি সমৃদ্ধ সভ্যতা ও সংস্কৃতির বাহক। জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষার একটি চীনা ভাষা। এর রয়েছে চার হাজার বছরেরও বেশি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও চীনা ভাষা শিক্ষার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, চীনা ভাষা শেখার মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের তিন হাজারের বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা এবং বৈশ্বিক কর্মবাজারে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। বাজারের চাহিদার সঙ্গে ভাষাগত দক্ষতার সমন্বয় ঘটাতে ‘চাইনিজ প্লাস’ কোর্স চালুর পাশাপাশি ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শহর ও গ্রামের শিক্ষার্থীদের কাছে এ সুযোগ পৌঁছে দেওয়া সম্ভব।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের জনমিতিক সুবিধা কাজে লাগিয়ে বৈশ্বিক কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ গ্রহণে চীনা ভাষা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান নতুন সেন্টার চালু করতে সহযোগিতার জন্য কনফুসিয়াস ইনস্টিটিউটকে ধন্যবাদ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের ফ্যাকাল্টি সদস্য আকিব ইরফান ডুয়েট শিক্ষার্থীদের চীনা ভাষা শেখার মাধ্যমে বৈশ্বিক কর্মক্ষেত্রের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. আবদুর রহমান ফরহাদ এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. শফিউল আজম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেসের কারিকুলাম ডেভেলপমেন্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোছা. নাসরিন আখতার। তিনি নতুন কেন্দ্র চালুতে সহযোগিতার জন্য উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুইসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মবাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে ইউজিসি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় ডুয়েটে সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস ও অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চালু করা হয়েছে।

সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেসের মাধ্যমে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে চীনা, জাপানি, ফরাসি, জার্মান ও আরবিসহ বিভিন্ন বিদেশি ভাষা শেখার সুযোগ পাবেন। অন্যদিকে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিদেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা ও সহযোগিতা স্থাপন, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, বৃত্তি ও ফেলোশিপের তথ্য সরবরাহ এবং বিদেশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে কাজ করবে।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝