Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

ফুলবাড়ীতে আগাম শিম চাষ, ভালো ফলন ও দামে কৃষকের মুখে হাসি

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:৫২ পিএম আপডেট: ১৮.১১.২০২৬ ৪:০৭ পিএম  (ভিজিটর : ১৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দিনাজপুরের ফুলবাড়ীতে এবার মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন পেয়েছেন কৃষকেরা। মৌসুমের শুরুতেই বাজারে শিমের চাহিদা ও ভালো দাম থাকায় তাঁদের মুখে ফুটেছে হাসি। শীতের তীব্রতা বাড়ার আগেই খেত থেকে আগাম শিম তুলে বাজারজাত করছেন চাষিরা। গ্রামের পর গ্রাম মাঠজুড়ে এখন বেগুনি শিম ফুলের সমারোহ আর সবুজ পাতার ফাঁকে ঝুলছে থোকায় থোকায় শিম। 

অন্য ফসলের তুলনায় উৎপাদন খরচ কম এবং অল্প সময়ে ভালো মুনাফার সম্ভাবনা থাকায় আগাম শিম চাষে দিন দিন আগ্রহ বাড়ছে উপজেলার প্রান্তিক কৃষকদের।

সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, শিম খেত পরিচর্যা ও ফসল সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও তাঁদের পরিবারের সদস্যরা। কেউ খেত থেকে শিম তুলছেন, কেউ বস্তাবন্দি করছেন, আবার কেউ মাচা মেরামত ও বাজারজাতের প্রস্তুতি নিচ্ছেন। মৌসুমের শুরুতেই ভালো দামে শিম বিক্রি করতে পেরে সন্তুষ্ট চাষিরা। শুরুতে প্রতি কেজি শিম ১২৫ থেকে ১৩০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামের কৃষক রিয়াজুল ইসলাম জানান, তিনি ১২ শতক জমিতে বারি-১ জাতের শিম মাচা পদ্ধতিতে চাষ করেছেন। এ পর্যন্ত তিন দফায় প্রায় ৪ হাজার টাকার শিম বিক্রি করেছেন। ১২ শতক জমিতে মাচা তৈরি, সার, বীজ ও কীটনাশকসহ সব মিলিয়ে তাঁর খরচ হয়েছে প্রায় ৬ হাজার টাকা। খেতের বর্তমান অবস্থা অনুযায়ী, বাজারদর স্থিতিশীল থাকলে আরও অন্তত ৪০ হাজার টাকার শিম বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। এতে ভালো মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই গ্রামের আরেক কৃষক নূর ইসলাম ১৫ শতক জমিতে শিম চাষ করে মৌসুমের শুরুতে প্রতি কেজি ১২০ টাকা দরে শিম বিক্রি করেছেন।

তবে শিম চাষে প্রতিবছরই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থাকে। কৃষকদের ভাষ্য, অতিবৃষ্টি, অসময়ে শিলাবৃষ্টি কিংবা অতিরিক্ত তাপমাত্রার কারণে শিমগাছের ফুল ঝরে পড়তে পারে। এ ছাড়া শিকড় পচে যাওয়ার আশঙ্কাও থাকে। পাশাপাশি ফল ছিদ্রকারী পোকা ও জাব পোকার আক্রমণ প্রতিরোধে বাড়তি বালাইনাশক প্রয়োগ করতে হয়। এতে উৎপাদন খরচ কিছুটা বেড়ে যায়।

এদিকে খেত থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত শিমের দামে উল্লেখযোগ্য ব্যবধান দেখা গেছে। কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৯০ টাকায় কেনা শিম আড়তে ১১০ টাকা এবং খুচরা বাজারে ১২০ থেকে ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, পরিবহন, শ্রমিকের মজুরি ও পচনজনিত ক্ষতির কারণে খুচরা বাজারে শিমের দাম কিছুটা বেশি পড়ে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, মাচা পদ্ধতিতে শিম চাষ অত্যন্ত লাভজনক। ফুলবাড়ীতে উৎপাদিত উন্নতমানের শিম স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য এলাকাতেও পাঠানো হচ্ছে। এ বছর উপজেলায় আগাম শীতকালীন শিম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৪০ মেট্রিক টন। তবে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আগাম শীতকালীন শিমের চাষ হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে উপজেলা কৃষি বিভাগ।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝