চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই মোবাইল ফোন, ৪০ টন পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাকসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপুর নির্দেশনায় সোনামসজিদ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার এলাকার পাকা সড়কে অভিযান চালায়।
অভিযানকালে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক (নম্বর: WB-73-G-4001) তল্লাশি করা হয়। এ সময় ট্রাকের পাথরের স্তূপের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৬টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকচালক জসিম শেখ (২৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর গ্রামের জমিন শেখের ছেলে।
বিজিবি জানায়, জব্দ করা ৩৬টি মোবাইল ফোন, ৪০ টন পাথর ও ভারতীয় ট্রাকের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সুরক্ষিত রাখতে বিজিবি দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”
এফপি/মিব