মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ৩৪ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ কেফায়েত উল্লাহ খান তুহিন খান (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) টঙ্গীবাড়ী থানার দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজার সার্বিক দিকনির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়। অভিযানে দিঘীরপাড় বাসস্ট্যান্ডসংলগ্ন হানিফ মালতের ডক্টর ফার্মেসির পশ্চিম পাশে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩৪ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার কেফায়েত উল্লাহ খান তুহিন খান টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের উত্তর মুরচর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, সিডিএমএস (অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি) যাচাই করে তাঁর বিরুদ্ধে আগে আরও তিনটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টঙ্গীবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এফপি/মিব