Dhaka, Wednesday | 18 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 November 2026 | English
শিরোনাম:

প্রেমের টানে হাজার মাইলের দূরত্ব ঘুচিয়ে চীনা যুবককে বিয়ে করলেন নার্গিস

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:০৪ পিএম আপডেট: ১৬.১১.২০২৬ ৪:১৩ পিএম  (ভিজিটর : ৪২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভাইয়ের কর্মসূত্রে পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বই একসময় রূপ নেয় ভালোবাসায়। সেই ভালোবাসার টানে সুদূর চীন থেকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছেন এক যুবক। অবশেষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারকে বিয়ে করে জীবনসঙ্গী করেছেন চীনা নাগরিক জ্যাকি চেউং। দুই দেশের দুই নাগরিকের এই ব্যতিক্রমী বিয়ে ঘিরে গোয়ালন্দে সৃষ্টি হয়েছে কৌতূহল ও আলোচনার। বিদেশি জামাইকে একনজর দেখতে প্রতিদিনই কনের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন চীনা নাগরিক জ্যাকি চেউং। এরপর ৩ নভেম্বর আদালতের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। পরে ১৩ নভেম্বর পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। দুই পরিবারের সম্মতিতেই তাঁদের বিয়ের আয়োজন করা হয়েছে।

জ্যাকি ও নার্গিসের পরিচয়ের গল্পটিও বেশ ব্যতিক্রমী। নার্গিসের ভাই সিরাজুল ইসলাম ঢাকার একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন জ্যাকি চেউং। সেখানেই তাঁদের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার আগ্রহ প্রকাশ করলে সিরাজুল ইসলাম তাঁর বোন নার্গিসের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এরপর জ্যাকি নিজ দেশ চীনে ফিরে গেলেও নার্গিসের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন। মুঠোফোন ও অনলাইনে নিয়মিত কথোপকথনের মধ্য দিয়ে তাঁরা একে অপরকে জানার সুযোগ পান। প্রায় তিন থেকে চার মাসের পরিচয় ও কথোপকথনের একপর্যায়ে তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। পরস্পরের প্রতি বিশ্বাস ও ভালো লাগা থেকেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই চীন থেকে বাংলাদেশে আসেন জ্যাকি।

জ্যাকি চেউং বলেন, নার্গিসের সঙ্গে পরিচয়ের পর ধীরে ধীরে তাঁর প্রতি ভালো লাগা তৈরি হয়। নিয়মিত কথা বলতে বলতে একসময় দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। নার্গিসকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত থেকেই চীন থেকে বাংলাদেশে এসেছেন তিনি। তাঁকে বিয়ে করতে পেরে খুবই আনন্দিত। বাংলাদেশে এসে স্ত্রীর পরিবার ও স্বজনদের ভালোবাসা পেয়েও ভালো লাগছে। স্ত্রীকে নিয়ে চীনে ফিরে সুখে-শান্তিতে সংসার করতে চান তিনি।

নার্গিস আক্তার বলেন, ভাইয়ের মাধ্যমে জ্যাকির সঙ্গে পরিচয় হয় তাঁর। প্রথমে সাধারণ কথাবার্তা হলেও ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে দুজন দুজনকে ভালোবেসে ফেলেন। জ্যাকি তাঁকে বিয়ে করতে চীন থেকে বাংলাদেশে আসায় তিনি খুবই খুশি। পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়েছে। স্বামীর সঙ্গে চীনে গিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছেন তিনি। দুই পরিবারের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সুখে সংসার করতে চান।

নার্গিস আক্তার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা আতর আলী চেয়ারম্যান বাজার এলাকার খোয়াজ খার মেয়ে। অন্যদিকে, জ্যাকি চেউং চীনের শানডং প্রদেশের ইউনচেং কাউন্টির চেংতুন টাউনের ঝাংঝুয়াং এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ঝাং সিনহাই। জ্যাকি চীনে লরি চালক হিসেবে কাজ করেন। তাঁদের পরিবারের প্রধান জীবিকা কৃষিকাজ।

বিয়ের পর স্ত্রীকে নিয়ে আনন্দঘন সময় কাটাচ্ছেন জ্যাকি। নতুন জীবনের শুরুতে বাংলাদেশি পরিবার ও আত্মীয়স্বজনের সান্নিধ্য উপভোগ করছেন তিনি। প্রয়োজনীয় পাসপোর্ট, ভিসা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্ত্রী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।

এদিকে, চীনা নাগরিকের সঙ্গে স্থানীয় তরুণীর বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেবগ্রাম এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের পাশাপাশি দূরদূরান্ত থেকেও অনেকে নবদম্পতিকে দেখতে আসছেন। কেউ জ্যাকির সঙ্গে পরিচিত হচ্ছেন, কেউ আবার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। সব মিলিয়ে বিদেশি জামাইকে ঘিরে কনের বাড়িতে এখন উৎসুক মানুষের সরব উপস্থিতি।

নার্গিসের মা হাসিনা বেগম, খালা জাহানারা বেগম ও প্রতিবেশী শরিফা খাতুনের কাছেও বিষয়টি আনন্দের। তাঁদের কাছে ভিন্ন দেশের একজন মানুষের সঙ্গে নার্গিসের নতুন জীবন শুরু করার ঘটনাটি যেমন ব্যতিক্রমী, তেমনি পরিবারের জন্যও নতুন অভিজ্ঞতা।

এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা ও দেবগ্রাম ইউনিয়নের প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চীনা নাগরিক জ্যাকি চেউং ও বাংলাদেশি তরুণী নার্গিস আক্তারের বিয়ের বিষয়ে তিনি অবগত নন। তবে বিদেশি নাগরিকের সঙ্গে সম্পর্ক বা বিয়ের ক্ষেত্রে প্রতারণার আশঙ্কা এড়াতে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এ ধরনের সম্পর্কে জড়ানোর আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম, আর সেই প্রেমের পরিণতি বিয়ে এভাবেই শুরু হয়েছে জ্যাকি ও নার্গিসের নতুন পথচলা। এখন প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্ত্রী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে নিজ দেশ চীনে ফিরে নতুন সংসার সাজানোর স্বপ্ন দেখছেন জ্যাকি চেউং।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝