দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সূর্য পূজা বা ছট পূজা অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটে সোমবার (১৬ নভেম্বর) সূর্যোদয়ের মধ্য দিয়ে। এর আগে রোববার (১৫ নভেম্বর) বিকেলে ফুলবাড়ীর ছোট যমুনা নদীর পূর্ব তীরে শুরু হয় এ পূজার আনুষ্ঠানিকতা। স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় সূর্যদেবের আশীর্বাদ লাভের প্রত্যাশায় উপবাস পালন করে পূজায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বী নারীরা।
পূজা উপলক্ষে নারীরা নিজ নিজ বাড়ি থেকে কুলায় বিভিন্ন ধরনের ফলমূল, ঘরে তৈরি মিষ্টি, আটার তৈরি লুচি, পুরি, ঠেকুয়া, খাজাসহ নানা ধরনের প্রসাদ সাজিয়ে নদীর তীরে নিয়ে আসেন। রোববার বিকেলে সূর্যাস্তের আগে সূর্যদেবের উদ্দেশ্যে প্রার্থনা ও অর্ঘ্য নিবেদন করেন তাঁরা। সূর্যাস্তের পর প্রসাদ নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যান উপবাসী নারীরা।
পরদিন সোমবার রাত ২টার পর থেকেই আবারও নদীর তীরে সমবেত হতে থাকেন তাঁরা। কুলায় সাজানো প্রসাদ নিয়ে অপেক্ষা করেন সূর্যোদয়ের। সূর্য ওঠার পর নদীতে স্নান শেষে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন ও প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা। পরে বিবাহিত নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে ছট পূজাকে কেন্দ্র করে ছোট যমুনা নদীর তীরে দুই দিনজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পূজাস্থল। ঢাকঢোলের বাদ্য, আলোকসজ্জা এবং কিশোর-কিশোরীদের আতশবাজিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী জয় প্রকাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ বলেন, সূর্য উপাসনার অন্যতম উৎসব ছট পূজা ভারতের বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ডসহ নেপালের অবাঙালি হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিশেষভাবে প্রচলিত। এরই ধারাবাহিকতায় যুগ যুগ ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানেও স্থানীয়ভাবে এ পূজার আয়োজন হয়ে আসছে। এ উৎসবে সবাই একত্রিত হন, যা একপর্যায়ে মিলনমেলায় পরিণত হয়। আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনগুলো কাটে।
ফুলবাড়ী কেন্দ্রীয় কালী মন্দিরের প্রধান পুরোহিত শ্রী সুদামা উপাধ্যায় বলেন, সূর্য পূজা বা ছট পূজা মূলত অবাঙালি সনাতন ধর্মাবলম্বী নারীরা স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় সূর্যদেবের আশীর্বাদ লাভের প্রত্যাশায় যুগ যুগ ধরে পালন করে আসছেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভগবান শ্রীরামের স্ত্রী সীতা এবং দেবী পার্বতীও এ পূজা পালন করেছিলেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ছট পূজাকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল।
এফপি/মিব