ক্ষণিকের অসতর্কতায় সন্তান হারানোর আশঙ্কা মা-বাবার জন্য কতটা উদ্বেগ ও উৎকণ্ঠার, তা কেবল ভুক্তভোগী পরিবারই অনুভব করতে পারে। এমন পরিস্থিতিতে দায়িত্বশীলতা ও মানবিকতার পরিচয় দিয়ে পৃথক দুটি ঘটনায় হারিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন আনসার সদস্যরা।
রবিবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম বন্দর এলাকা থেকে মা-বাবার সঙ্গে পতেঙ্গা সমুদ্রসৈকতে বেড়াতে এসে হারিয়ে যায় পাঁচ বছর বয়সী শিশু ইকরা আক্তার। দায়িত্ব পালনরত আনসার সদস্যদের নজরে এলে তাঁরা শিশুটিকে নিরাপদ হেফাজতে নেন এবং তার পরিবারের সন্ধানে তৎপর হন। পরে অনুসন্ধান ও পরিচয় যাচাই শেষে রাত ৯টার দিকে সুস্থ অবস্থায় ইকরাকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়।
অন্যদিকে, একই দিন দুপুর পৌনে ১টার দিকে বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মা ফাতেমা বেগমের সঙ্গে চিকিৎসার জন্য এসে খেলতে খেলতে পুরোনো ভবনের ছাদে উঠে যায় চার বছর বয়সী শিশু সোহান। এ সময় নতুন ভবনের পাঁচতলা থেকে শিশুটিকে ছাদে কাঁদতে দেখতে পান আনসার সদস্যরা। পরে তাৎক্ষণিকভাবে আনসার সদস্য আলী হায়দারকে সঙ্গে নিয়ে শিশুটিকে উদ্ধার করেন পিসি জাহাঙ্গীর হোসেন।
উদ্ধারের পর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে খোঁজ নিয়ে শিশুটির পরিচয় নিশ্চিত করা হয়। পরে তাকে তার মা ফাতেমা বেগমের কাছে হস্তান্তর করা হয়।
আনসার সদস্যদের দ্রুত ও মানবিক পদক্ষেপে সন্তানদের ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন দুই শিশুর পরিবার। সরকারি হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও আনসার সদস্যদের ভূমিকার দৃষ্টান্ত হয়ে থাকবে এ দুটি ঘটনা।
এফপি/মিব