পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, দুটি বসতঘর ও একটি মন্দির পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। আগুনে দোকানপাট ও বসতঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন একাধিক ব্যবসায়ী ও দুটি পরিবার।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে একটি খাবারের হোটেল ও ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাজারের ব্যবসায়ী সুদর্শন বড়াল জানান, মইনুলের রেস্টুরেন্ট ও তপনের ফার্মেসির দিক থেকে প্রথমে আগুনের কুণ্ডলী দেখতে পান কয়েকজন স্থানীয় বাসিন্দা। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন বাজারের খালপাড়ের সারিবদ্ধ দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলেন তিনি। রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে বাজারে এসে দেখেন, চারদিকে দাউদাউ করে আগুন জ্বলছে। এতে তাঁর নিজের প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
অপর ব্যবসায়ী পরিমল জানান, একটি রেস্টুরেন্ট ও ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাঁরা ধারণা করছেন। মধ্যরাতে আগুন লাগার পর থেকে ভোর পর্যন্ত স্থানীয় লোকজন সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। বাজারের অন্য পাশে তাঁর দোকান থাকায় সেটি রক্ষা পেলেও অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন।
বাজারের সাবেক সভাপতি সম্রাট সরদার বলেন, রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর থেকে ভোর ৫টা পর্যন্ত স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা সময়মতো পৌঁছাতে পারেনি। তাঁর দাবি, দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারলে অন্তত পাঁচ থেকে সাতটি দোকান রক্ষা করা সম্ভব হতো।
তিনি আরও জানান, আগুনে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, দুটি বসতঘর ও একটি মন্দির পুড়ে গেছে। দোকানের পাশাপাশি বসতঘর হারানো দুটি পরিবারের সদস্যরা এখন নিঃস্ব। তাঁদের পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মইনুল হক রাসেল বলেন, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুটি পরিবারের বসতঘরসহ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় তাঁরা চরম অসহায় অবস্থায় পড়েছেন। এগারগ্রাম এলাকায় সেতু ভাঙা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। সময়মতো পৌঁছানো সম্ভব হলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমানো যেত বলে তিনি মনে করেন।
এ বিষয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মো. মনিরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তবে গুয়ারেখা ইউনিয়নের এগারগ্রাম এলাকার সড়কের সেতু ভাঙা থাকায় সরাসরি ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। পরে বানারীপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় ছোট গাড়ি নিয়ে বিকল্প পথে ঘটনাস্থলে পৌঁছাতে ভোর ৫টা বেজে যায়। ততক্ষণে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এফপি/অ