Dhaka, Tuesday | 17 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 17 November 2026 | English
শিরোনাম:

গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:৫৯ এএম  (ভিজিটর : ৩৮)

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। পাশাপাশি ড্রোন ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে চলছে সার্বক্ষণিক নজরদারি।

সোমবার (১৬ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকের শরীরে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম সরাসরি ধারণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে পুরো কার্যক্রম ও জেলার নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এর ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন তারা। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় কাজ করছেন বিজিবি সদস্যরা।

মো. শরীফুল ইসলাম আরও জানান, দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখার পাশাপাশি সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতেও বিজিবি প্রস্তুত রয়েছে।

এদিকে, গোপালগঞ্জের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনেও পরিবর্তন আনা হয়েছে। রোববার জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তার স্থলে হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই দিন গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তার স্থলে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব বদলির তথ্য জানানো হয়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝