দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বাজারে ভালো দাম পাওয়ার আশায় মৌসুমের শুরুতেই জমি প্রস্তুত করে আলু রোপণে নেমেছেন তাঁরা। ইতোমধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী ১৭০ হেক্টর জমিতে আগাম জাতের আলু রোপণ সম্পন্ন হয়েছে। তবে বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরিসহ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ নিয়ে উদ্বেগ বাড়ছে কৃষকদের। একদিকে আগাম আলু বিক্রি করে বাড়তি লাভের স্বপ্ন, অন্যদিকে বাজারদর কমে যাওয়ার আশঙ্কা এমন দোলাচলে রয়েছেন তাঁরা।
উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, আগাম জাতের আলু রোপণ শেষে এখন পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। কোথাও জমিতে সেচ দেওয়া হচ্ছে, কোথাও চলছে সার প্রয়োগ ও আগাছা পরিষ্কারের কাজ। রোপণ করা আলুগাছ ধীরে ধীরে বেড়ে উঠছে। ভালো ফলনের আশায় পরিচর্যায় বাড়তি সময় দিচ্ছেন কৃষকেরা। তাঁদের প্রত্যাশা, আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাইয়ের আক্রমণ কম হলে মৌসুমের শুরুতেই নতুন আলু বাজারে তুলে ভালো দাম পাওয়া যাবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নবাবগঞ্জ উপজেলায় প্রায় ১ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমি থেকে ৩৪ হাজার ৬০৪ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ১৭০ হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ওই লক্ষ্যমাত্রার পুরো জমিতে আলু রোপণ সম্পন্ন হয়েছে।
উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, আগাম আলু চাষে খরচ অনেক বেশি। বীজ, সার, কীটনাশক ও জমি প্রস্তুত করতে শুরুতেই মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করতে হয়। মৌসুমের শুরুতে দাম ভালো পাওয়া গেলে লাভের মুখ দেখা সম্ভব। কিন্তু বাজারদর কমে গেলে লোকসান গুনতে হবে। তারপরও লাভের আশায় আলু চাষ করছি।
বোয়ালমারী গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, আগাম আলু বাজারে তুলতে পারলে সাধারণত ভালো দাম পাওয়ার আশা থাকে। তবে আবহাওয়া ও বাজার পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করে। দিন দিন চাষাবাদের খরচ বাড়ছে। উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কৃষকেরা কিছুটা স্বস্তি পাবেন।
নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, প্রতি বছরের মতো এবারও উপজেলায় আগাম আলুর চাষ শুরু হয়েছে। এ পর্যন্ত লক্ষ্যমাত্রার ১৭০ হেক্টর জমিতে আগাম জাতের আলু রোপণ সম্পন্ন হয়েছে। সবকিছু অনুকূলে থাকলে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই নতুন আলু বাজারজাত করা সম্ভব হবে। এতে কৃষকেরা ভালো দাম পাবেন বলে আশা করছি। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। ভালো ফলনের ব্যাপারেও আমরা আশাবাদী।
কৃষকদের প্রত্যাশা, আবহাওয়া অনুকূলে থাকা, রোগবালাই নিয়ন্ত্রণ এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত হলে আগাম আলু চাষ তাঁদের বাড়তি আয়ের সুযোগ তৈরি করবে। তবে উৎপাদন খরচের ঊর্ধ্বগতির বিষয়টি বিবেচনায় নিয়ে আলুর বাজার স্থিতিশীল রাখা এবং কৃষকের স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এফপি/মিব