Dhaka, Monday | 16 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 November 2026 | English
শিরোনাম:

মাগুরা থেকে চুরি হওয়া ভেকু বরিশালে উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩:০৪ পিএম  (ভিজিটর : ৪৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাগুরার শ্রীপুর থেকে চুরি হওয়া প্রায় ১৯ লাখ টাকা মূল্যের একটি ভেকু (এক্সকাভেটর) বরিশাল থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের অভিযানের সময় আরও এক সন্দেহভাজন পালিয়ে গেছেন। রোববার (১৫ নভেম্বর) মাগুরা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর রাতে শ্রীপুর উপজেলার কালিনগর এলাকায় নতুন ব্রিজসংলগ্ন সড়কের পাশ থেকে মিল্টন মণ্ডলের মালিকানাধীন CAT ব্র্যান্ডের একটি এক্সকাভেটর চুরি হয়। ৩০৭ডি মডেলের ওই ভেকুটির আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ টাকা। এ ঘটনায় ভুক্তভোগী গত ২৭ অক্টোবর শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তথ্যপ্রযুক্তিগত সহায়তায় চুরির রহস্য উদ্‌ঘাটনে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় ১৪ নভেম্বর ভোর সাড়ে ৪টার দিকে বরিশালের বানারীপাড়া থানার চাখার বাজার এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ভেকুটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামের মো. রমজান সরদার (৩৬) এবং একই উপজেলার সাচিলাপুর গ্রামের মো. রমজান শেখ (৩৫)। এ সময় মো. সোহান শেখ (২৮) নামে আরও এক সন্দেহভাজন পালিয়ে যান।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন পরস্পরের যোগসাজশে ভেকুটি চুরির কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় ভুক্তভোগী শ্রীপুর থানায় মামলা করেছেন। পলাতক সন্দেহভাজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝