মুন্সীগঞ্জ সদর উপজেলার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ ছাড়া আইসক্রিম সংরক্ষণ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তিনি জানান, অভিযানের সময় যোগিনীঘাট এলাকার কামাল স্টোরে তদারকি করে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখবিহীন আইসক্রিম সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ কামালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভবিষ্যতে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ নেই—এমন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি না করার জন্য ব্যবসায়ীকে নির্দেশনা দেওয়া হয়। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসারের মুন্সীগঞ্জের একটি দল সহযোগিতা করে।
এফপি/মিব