বরগুনার আমতলীতে পায়রা নদীতে চলাচলকারী ইউটিলিটি টাইপ-৫০ নম্বর ফেরিতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সোমবার দুপুরে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছে ফেরি কর্তৃপক্ষ। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফেরির কর্মচারী ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, আমতলীর পায়রা নদীতে গত ৩৫ বছর ধরে তিনটি ফেরির মাধ্যমে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে ইউটিলিটি টাইপ-৫০ নম্বর ভিআইপি ফেরিতে ওঠে। এরপর তারা ফেরির ইঞ্জিনের কভারে পেট্রোল ঢেলে দেয়। একপর্যায়ে ফেরির ইজারাদারের প্রতিনিধি মো. আসলামের কক্ষের দরজার ছিটকিনি বাইরে থেকে আটকে দেয়। বিষয়টি টের পেয়ে আসলাম চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে আগুন না জ্বালিয়েই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ফেরির খালাসি সায়েম বলেন, ‘রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফেরিটি পন্টুনে নোঙর করে রেখে আমি ঘুমাতে যাই। এ সময় একটি মোটরসাইকেল ফেরির পন্টুনে এসে থামে। পরে দুর্বৃত্তরা ফেরির ইজারাদারের প্রতিনিধির কক্ষের ছিটকিনি বাইরে থেকে আটকে দিয়ে ইঞ্জিনের কভারে পেট্রোল ঢালে। আসলামের চিৎকার শুনে লোকজন ছুটে এলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।’
ফেরির চালক আব্দুল বারেক হাওলাদার বলেন, ‘দুর্বৃত্তরা ফেরিতে আগুন দেওয়ার উদ্দেশ্যে পেট্রোল ঢেলেছিল। তবে ইজারাদারের প্রতিনিধি আসলাম বিষয়টি টের পাওয়ায় তারা আগুন দিতে পারেনি।
বরগুনা সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আসাদুল ইসলাম বলেন, ‘ইউটিলিটি টাইপ-৫০ নম্বর ফেরিতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলেছিল। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এফপি/মিব